ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, “তফসিল ঘোষণার পরপরই একজন প্রার্থী এমন হামলার শিকার হওয়া আসন্ন নির্বাচনে প্রার্থী এবং ভোটারদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি করেছে।”
এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার প্রতিফলন বলে অভিযোগ করেন তিনি। ৫ আগস্টের পর থানা থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার উদাসীনতার পরিচয় দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার আশঙ্কা, এসব অস্ত্র আগামী নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে ব্যবহার হতে পারে।
ড. সাইফুদ্দীন আহমদ আরও বলেন, “একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অবিলম্বে কঠোরভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে জরুরি।”
রিপোর্টারের নাম 
























