ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানিয়েছেন যে, নির্বাচনী প্রচারণার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা এখনও নিশ্চিত নই, আমাদের একটি দল সেখানে পাঠানো হয়েছে। আমাদের টিম নিশ্চিত করলে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।”
উল্লেখ্য, গত নভেম্বর মাসে শরিফ ওসমান হাদি দেশি-বিদেশি মোট ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন। গত ১৪ নভেম্বর ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি উল্লেখ করেন, তাকে হত্যা করা হবে, তার বাড়িতে আগুন দেওয়া হবে এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।
ওসমান হাদি সে সময় ফেসবুকে লিখেছিলেন, “গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সারসংক্ষেপ হলো—আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।”
রিপোর্টারের নাম 

























