উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে বিকল্প একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, কাতার রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি থাকায় দেশটির আমির তার প্রতিশ্রুতি অনুযায়ী বিকল্প একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৫টায় এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
তিনি আরও জানান, এখন যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেটিও কাতারের, তবে জার্মান কোম্পানির তৈরি। কাতার জার্মানি থেকে কোনও এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠাচ্ছে না।
উল্লেখ্য, আজ কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা ছিল। তবে এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। এ জন্য বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার। ওই এয়ার অ্যাম্বুলেন্সে রবিবার (৭ ডিসেম্বর) খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বৃহস্পতিবার রাত ১২টার দিকে জানান, বেগম খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে কাতারের আামির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করেই লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন তিনি। চিকিৎসা শেষে চার মাস পর ৫ মে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরে আসেন বিএনপির চেয়ারপারসন।
রিপোর্টারের নাম 

























