কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ভোগপাড়া এলাকা থেকে নিখোঁজ হওয়া ইলেকট্রিক মিস্ত্রি পল্টন মিয়া (৫৫) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পৌরসভার ভোগপাড়া চৌরাস্তা সংলগ্ন জামে মসজিদের সামনের পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নিহত পল্টন মিয়া বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ভোগপাড়া জামে মসজিদের পাশে একটি দোকান ভাড়া নিয়ে লন্ড্রি ও ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে পল্টন মিয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এরপর থেকে তার আত্মীয়স্বজন ও সহকর্মীরা তাকে বিভিন্ন স্থানে খুঁজেও কোনো সন্ধান পাননি।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধারের সময় তার সঙ্গে থাকা প্রায় সাড়ে ৬ হাজার টাকা ও একটি বাটন মোবাইল ফোন পাওয়া গেছে।
রিপোর্টারের নাম 























