কুমিল্লার বুড়িচংয়ে মাদক সেবনের অভিযোগে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মিথিলাপুর খেয়াঘাটের পূর্ব পাশ থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. আদনান হায়দার (৪৬)। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দারের ছেলে এবং উপজেলার সিন্দুরিয়া পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে বুড়িচং থানার একটি টহল দল মিথিলাপুর খেয়াঘাটে অভিযান চালায়। এ সময় সেখানে আদনান হায়দারকে মাদক সেবন করতে দেখে পুলিশ। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার পরিচয় জানা যায়। পুলিশ মাদক সেবনের বৈধ লাইসেন্স বা পারমিট আছে কিনা জানতে চাইলে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এরপর তাকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার অ্যালকোহল সেবনের বিষয়ে মতামত দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও, পুলিশের নথি যাচাই করে আদনান হায়দারের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। বুড়িচং থানায় ২০২২ সালে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা এবং কুমিল্লা সদর দক্ষিণ থানায় ২০২৪ সালে দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে আরও দুটি মামলা থাকার তথ্য এজাহারে উল্লেখ করা হয়েছে।
বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান জানিয়েছেন, মাদক সেবনের সময় পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আদনান হায়দারকে আটক করা হয়েছে। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনা স্থানীয় রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 


















