জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী বলেছেন, ইনকিলাব মঞ্চের কর্মীরা ‘আবাবিল পাখির মতো’; তাদের দমানো সরকারের পক্ষেও সম্ভব নয়, বাইরের কারও পক্ষেও সম্ভব নয়। তিনি মন্তব্য করেন যে, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারসহ বিভিন্ন দাবির সমাধান সংসদে নয়, ভবিষ্যতে রাজপথেই করতে হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর শাহবাগের শহীদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে অংশ নিয়ে নাসীর উদ্দিন পাটোয়ারী এসব কথা বলেন। তিনি বলেন, “এটা পার্লামেন্টে সমাধান হবে- আমার মনে হয় না। এটা রাজপথেই ভবিষ্যতে সমাধান করতে হবে।”
ইনকিলাব মঞ্চের কর্মীদের দৃঢ়তার প্রশংসা করে তিনি বলেন, সংগঠনটির কর্মীদের দমানো সরকারের পক্ষেও সম্ভব নয়, বাইরের কারও পক্ষেও সম্ভব নয়। পাটোয়ারী বলেন, শহীদ ওসমান হাদি যখন লড়াই করেছিলেন, তখন অনেকেই তাঁর সঙ্গে অংশ নিয়েছিলেন, আবার অনেকে অংশ নেননি। তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ শহীদ ওসমান হাদির গুরুত্ব আরও গভীরভাবে অনুধাবন করবে বলে তিনি মনে করেন।
এনসিপির এই নেতা ইনকিলাব মঞ্চের কর্মীদের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগের প্রসঙ্গ তুলে ধরে বলেন, গণভবনের সামনে অবস্থানের সময় তিনি সংগঠনটির কর্মীদের সঙ্গে মেশার সুযোগ পেয়েছিলেন। তিনি বলেন, তারা অত্যন্ত সাহসী এবং একটি “গুছানো টিম” হিসেবে কাজ করছেন। আদর্শ, ন্যায়, নীতি ও ইনসাফের প্রশ্নে তারা শহীদ ওসমান হাদির মান-সম্মানের সঙ্গে কোনো ধরনের আপস করেননি বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদি বলে গিয়েছিলেন, তিনি চলে গেলেও বাংলাদেশের মানুষের কাছে ইনকিলাব মঞ্চের কর্মীদের রেখে গেছেন।
পাটোয়ারীর দাবি, ইনকিলাব মঞ্চের কর্মীরা সংখ্যায় স্বল্প নন; তাদের সঙ্গে দেশের লক্ষ লক্ষ মানুষ রয়েছেন এবং ভবিষ্যতে তাদের সঙ্গে কোটি কোটি মানুষ যুক্ত হবে। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে জনমতের কথাও তুলে ধরেন পাটোয়ারী। তিনি বলেন, বর্তমানে বিরোধী দল ও সরকারদলীয় সংসদ সদস্যরা বিভিন্ন জায়গায় গেলে সাধারণ মানুষ তাদের কাছে প্রথমেই জানতে চান- শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার কবে হবে। তিনি বলেন, সংসদে বিরোধী দল কিংবা সরকারি দল এ বিষয়ে তুলনামূলক কম কথা বললেও বিষয়টির সমাধান কেবল সংসদে হবে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, রাজপথে জনগণের কণ্ঠস্বরই ভবিষ্যতে এ দাবির সমাধানের পথ তৈরি করবে।
রিপোর্টারের নাম 



















