ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের স্ত্রীর লাথির আঘাতে মামুন মিয়া (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা গ্রামের মৃধাবাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মামুন মিয়া মাঝিয়ারা বাজারের একজন স্বনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে এই প্রাণঘাতী ঘটনাটি ঘটে। ঘটনার দিন বাজার থেকে মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরার পর মামুন মিয়া তার ছোট ভাই প্রবাসী সুমন মিয়ার স্ত্রী হালিমা খাতুনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হালিমা খাতুন তাকে সজোরে বুকে লাথি মারেন, যার ফলে মামুন মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে হাসপাতালে নেওয়ারও সুযোগ মেলেনি।
নবীনগর থানার সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই ওয়াসিম বিল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী নয়নতারা বেগম বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত হালিমা খাতুনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
রিপোর্টারের নাম 























