নোয়াখালীর হাতিয়া সংলগ্ন বঙ্গোপসাগরে লবণবোঝাই একটি বলগেট (বাল্কহেড) ডুবির ঘটনায় মো. সাবের (৬৬) নামে এক বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে হাতিয়া ও সন্দ্বীপের মধ্যবর্তী রোহিঙ্গা চরের পশ্চিমে জাহাজ চ্যানেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাবের চট্টগ্রামের কর্ণফুলী এলাকার বাসিন্দা এবং ওই নৌযানের বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে লবণ নিয়ে হাতিয়া যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে বলগেটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। উত্তাল সাগরের ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি মাঝ সমুদ্রে ডুবে যায়।
দুর্ঘটনার পর কাছাকাছি থাকা মাছ ধরার ট্রলারের সহায়তায় বলগেটের অন্য সাতজন শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও সাবেরকে বাঁচানো যায়নি। নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























