সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ শোকবার্তায় এই ঘটনার তীব্র নিন্দা জানান।
শোকবার্তায় তারা বলেন, জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে ১৬ জন বাংলাদেশির এমন করুণ মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে অবদান রাখা এই প্রবাসী কর্মীদের অকালে চলে যাওয়া শুধু তাদের পরিবারের জন্যই নয়, গোটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।
এবি পার্টির নেতৃবৃন্দ প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন তুলে বলেন, একজন বাংলাদেশি শ্রমিক যেন শুধু বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যম হিসেবে বিবেচিত না হন, বরং তাদের জীবন ও নিরাপত্তারও সমান মূল্য রয়েছে। তারা সরকারের প্রতি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা, প্রত্যেক পরিবারকে যথাযথ আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।
তারা আরো বলেন, বিদেশে বাংলাদেশি কর্মীদের কর্মস্থল, আবাসন ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ আছে কিনা, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলোকে নিয়মিত তদারকি করতে হবে। প্রবাসীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারকে আরো দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
রিপোর্টারের নাম 



















