জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির নতুন রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। রোববার (১২ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূতের সঙ্গে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মিস আনজা কারস্টেন এবং পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির উপস্থিত ছিলেন।
আলোচনায় আসন্ন জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ উল্লেখ করে তা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা চাওয়া হয়।
পাশাপাশি, বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়নে জার্মানির ধারাবাহিক সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
এছাড়া, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, মত প্রকাশের স্বাধীনতা, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষই বাংলাদেশ ও জার্মানির মধ্যে ভবিষ্যতে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও গতি পাবে বলে আশা প্রকাশ করে।
বৈঠকে জামায়াত আমিরের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এবং ঢাকা মহানগর উত্তরের মেডিকেল থানা জামায়াতের আমির ডা. এসএম খালিদুজ্জামান।
রিপোর্টারের নাম 






















