নব্বই দশকের নিখাদ প্রেম আর বর্তমান প্রজন্মের আবেগ নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়া’স লাভ জার্নি)। রোমান্টিক-কমেডি ঘরানার ৮০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ মুক্তি পেতে যাচ্ছে। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক।
পরিচালক জানান, সেই সময়ের প্রেমের চিরায়ত অনুভূতিগুলোকে বর্তমান প্রেক্ষাপটে দর্শকদের সামনে তুলে ধরাই এই চলচ্চিত্রের মূল উদ্দেশ্য। ‘মিশন ডিডিএলজে’-এর মাধ্যমে পর্দায় অভিষেক ঘটছে নতুন জুটি নাওভী ও লাবণ্যর। নির্মাতার দাবি, এই জুটির রসায়ন দর্শকদের ভিন্নমাত্রার বিনোদন দেবে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মাসুদ মহিউদ্দিন, স্বপ্ন শেখ, শারমিন সুলতানা শর্মী ও সাদিয়া ইসলাম জুইসহ একঝাঁক শিল্পী। ঢাকা ও মানিকগঞ্জের মনোরম লোকেশনে দৃশ্যধারণ করা এই ফিল্মটিতে একটি বিশেষ রহস্যময় গল্প রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষ দিকেই ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 
























