নব্বইয়ের দশকের জনপ্রিয় ও নবজাগরণ সৃষ্টিকারী কণ্ঠশিল্পী আগুন দীর্ঘ পাঁচ বছর বিরতির পর আবারও বাংলা চলচ্চিত্রের গানে ফিরছেন। নির্মাতা মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘স্বপ্নের নায়িকা’ চলচ্চিত্রের টাইটেল গানে সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন।
‘স্বপ্নের নায়িকা’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন নিশাত তাসনিম ও সরয়ার হোসেন। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আনোয়ার শিকদার টিটন। প্রখ্যাত এই শিল্পীর সঙ্গে দ্বৈত কণ্ঠে গানটিতে পাওয়া যাবে কণ্ঠশিল্পী তানজিনা রুমাকে।
সংগীত পরিচালক আনোয়ার শিকদার টিটন বলেন, ‘আগুন আমাদের দেশের চলচ্চিত্রের সোনালি দিনের অন্যতম সেরা গায়ক। গানটি তৈরির শুরু থেকেই আমরা উনার কথা ভেবেছিলাম। সুর ও সংগীত শেষ হওয়ার পর তাকে গানটি পাঠানো হলে তিনি এটি খুবই পছন্দ করেন এবং আনন্দের সঙ্গে রেকর্ডিং সম্পন্ন করেন।’
উল্লেখ্য, এর আগে ২০২১ সালে ‘শত্রু’ নামক একটি সিনেমার গানে প্লেব্যাক করেছিলেন আগুন। তার দীর্ঘ বিরতি সত্ত্বেও শ্রোতাদের মনে তার আবেদন অমলিন। ১৯৯৩ সালে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ ও চিত্রনায়িকা মৌসুমী অভিনীত কালজয়ী চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর মাধ্যমে চলচ্চিত্রে আগুনের গান গাওয়া শুরু হয়। প্রথম ছবিতেই তার সুমধুর কণ্ঠ শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। পরবর্তীতে ‘অন্তরে অন্তরে’, ‘তুমি আমার’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘আম্মাজান’ বা ‘দুই দুয়ারী’-এর মতো অসংখ্য সুপারহিট চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি নব্বইয়ের দশকের চলচ্চিত্রের সংগীতে নিজস্ব ধারা তৈরি করেছিলেন। দীর্ঘ বিরতি কাটিয়ে তার এই প্রত্যাবর্তন ভক্ত ও শ্রোতাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
রিপোর্টারের নাম 
























