রাজধানীর গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটে। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় পেট্রোল পাম্পের তিন দিনের জমানো মোট ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা নিয়ে পাম্পের সহকারী ম্যানেজার মো. আল আমীন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ডভ্যান চালক খোরশেদ উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংক শাখায় জমা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে এবং আগ্নেয়াস্ত্র (রিভলভার) ঠেকিয়ে ভয় দেখায়। এরপর সহকারী ম্যানেজার আল আমীনকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত চম্পট দেয়। গুরুতর আহত আল আমীনকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তরায় অবস্থিত ভুক্তভোগী ‘ডিএল পেট্রোল পাম্প’-এর মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাত ভাই তাসীন আক্তার হক। তিনি সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মরহুমা খুরশীদ জাহান হকের পুত্র। দিনদুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকটাত্মীয়ের পাম্পের এত বড় অঙ্কের টাকা ছিনতাইয়ের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই রাজধানীর বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানিয়েছেন, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তিনটি মোটরসাইকেলে আসা ছয় ছিনতাইকারীকে শনাক্ত করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে আসামিদের অবস্থান শনাক্তে মাঠে নেমেছে। ব্যবহৃত মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করে আসামিদের দ্রুত গ্রেপ্তারে একাধিক এলাকায় অভিযান পরিচালিত হচ্ছে।
রিপোর্টারের নাম 























