কুমিল্লার বুড়িচংয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির জনবল নিয়োগে ব্যাপক পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হোসেনের দ্রুত প্রত্যাহার দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ আসাদুজ্জামান মনির। বুড়িচং উপজেলা বিএনপির এই যুগ্ম সাধারণ সম্পাদক সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই দাবি জানান।
বিএনপি নেতার অভিযোগ, ফ্যামিলি কার্ডের তথ্য যাচাই-বাছাইয়ের জন্য মাঠকর্মী ও সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে বিগত আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে ষোলনল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে গণনাকারী হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে এলাকায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। এ ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ না করেও একজনের নিয়োগ পাওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
আসাদুজ্জামান মনির জানান, এই পক্ষপাতমূলক নিয়োগ বাতিল করে ইউএনওকে প্রত্যাহার করা না হলে তারা অনশনসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। তবে অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসেন জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না তা তদন্ত করে দেখা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 






















