ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল জামায়াত ও এনসিপিকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপিকে দুর্বল করার কোনো চক্রান্ত করা হলে সংশ্লিষ্ট দলগুলোই চরম রাজনৈতিক সংকটে পড়বে। তিনি দাবি করেন, বিএনপির দীর্ঘ ১৭ বছরের নিরবচ্ছিন্ন লড়াই ও ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং বর্তমান নির্বাচিত সরকার গঠিত হয়েছে।
শনিবার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি বাবুল বলেন, আওয়ামী লীগের স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে বিএনপি যে ভূমিকা রেখেছে, তার ফলেই আজ অনেক দল আলোর মুখ দেখছে। মাত্র পাঁচ মাস আগে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের পর যারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য সফল হবে না।
তিনি আরও উল্লেখ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতের ওপর যে দমন-পীড়ন চলেছে, তখন তারা কোনো কার্যকর প্রতিরোধ গড়তে পারেনি। বিএনপির শক্তিশালী রাজনৈতিক অবস্থানের কারণেই আজ দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। সংসদ সদস্য হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ‘সাগর শয্যায়’ বসবাস করে, তাদের শিশির কণার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। বিএনপির শিকড় অনেক গভীরে এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করার সক্ষমতা এই দলের রয়েছে। সমাবেশে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















