ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বর্তমান সরকারের অধীনে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করলে জামায়াতে ইসলামী ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) নিজেরাই মহাবিপদে পড়বে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি বর্তমানে দেশের রাজনীতিতে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তাদের শিকড় অনেক গভীরে প্রোথিত।
শনিবার দুপুরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সর্দার বাড়ি মোড় এলাকায় এক মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাবুল এসব কথা বলেন। তিনি বলেন, ‘যদি বিএনপি না থাকে, তবে জামায়াত-এনপিপির কয়েকজন নেতাকর্মীকে আওয়ামী লীগ গুলিয়ে খেয়ে ফেলবে। তাই জামায়াত-এনপিপিকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা যদি বিএনপিকে দুর্বল করতে চান, তাহলে আপনারাই মহাবিপদে পড়ে যাবেন। কিন্তু বিএনপির কিছুই হবে না।’
তিনি আরও বলেন, ‘সতের বছর লড়াই-সংগ্রাম করে ক্ষমতায় এসেছি। পাঁচ মাস যেতে না যেতেই আপনারা আরেকটা গণঅভ্যুত্থানের চিন্তা করেন। আপনারা ছিলেন অন্ধকারে, বিএনপির কারণে আলোর মুখ দেখেছেন। সংসদে এসেছেন, বিরোধী দল হয়েছেন। এখন বিএনপিকে উল্টিয়ে দেবেন। মনে রাখবেন, বিএনপির শিকড় এত দুর্বল নয়।’
এমপি বাবুল স্মরণ করিয়ে দেন যে, ১৭ বছরে আওয়ামী লীগ সরকার জামায়াতের বহু নেতাকর্মীকে ফাঁসি দিয়েছে, গুম-খুন করেছে, কিন্তু তখন তো জামায়াত অভ্যুত্থান করতে পারেনি বা সরকার উল্টাতে পারেনি। এখন সকাল-বিকেল সরকার উল্টিয়ে ফেলার চিন্তা করাটা অবাস্তব বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ, চরভদ্রাসন থানার ওসি মো. সফর আলীসহ স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 



















