ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘ তিন দশক পর আবারও বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনায় রাজসাক্ষী হওয়া রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক কিছু পরস্পরবিরোধী মন্তব্যের কড়া সমালোচনা করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। রিজভীর দাবিকে ভিত্তিহীন ও বানোয়াট উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।
শাবনূর জানান, ১৯৯৭ সালে রিজভী নিজে আদালতে স্বীকারোক্তি দিয়েছিলেন যে তিনি সালমান শাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু দীর্ঘ সময় পর এখন তিনি ভিন্ন সুরে কথা বলছেন, যা বিভ্রান্তিকর। রিজভী বিভিন্ন সময়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কখনও একে হত্যা আবার কখনও আত্মহত্যা বলে দাবি করেছেন। এমনকি সর্বশেষ বক্তব্যে তিনি সালমান শাহর মা নীলা চৌধুরী ও চিত্রনায়িকা শাবনূরকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য করেন।
নায়িকা শাবনূর তার প্রতিক্রিয়ায় বলেন, একই ব্যক্তি যখন একেক সময় একেক ধরনের জবানবন্দি দেয়, তখন তার কথার কোনো বিশ্বাসযোগ্যতা থাকে না। সালমান শাহর মৃত্যুর মতো সংবেদনশীল বিষয় নিয়ে এমন মিথ্যাচার বন্ধের দাবি জানান তিনি। সালমান শাহর ভক্ত ও সাধারণ মানুষকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ারও আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।
রিপোর্টারের নাম 
























