দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি পর্যায়ে আমদানির খসড়া নীতিমালা নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বর্তমান নির্বাচিত সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, প্রস্তাবিত এই নীতিমালার মাধ্যমে নির্দিষ্ট কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো অবকাশ নেই।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর মূল লক্ষ্য হলো জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে সংকটকালীন পরিস্থিতিতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে কাজে লাগানোই এই উদ্যোগের উদ্দেশ্য।
জ্বালানি বিভাগ আরও জানিয়েছে, সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত ও পরামর্শ গ্রহণের পরই নীতিমালাটি চূড়ান্ত করা হবে। স্বচ্ছতা, জবাবদিহি ও জনস্বার্থ নিশ্চিত করাই সরকারের মূল অগ্রাধিকার। সম্প্রতি কিছু গণমাধ্যমে এই নীতিমালা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 























