জাতীয় স্বার্থে ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্রের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী এ্যানি চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার এক অবিস্মরণীয় বিজয়। তিনি উল্লেখ করেন, নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি দীর্ঘ দেড় দশক ধরে আন্দোলন সংগ্রাম করে আসছিল, যার চূড়ান্ত রূপ প্রকাশ পায় ২০২৪ সালের সেই ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন সূর্য উদিত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, জুলাই বিপ্লব কোনো নির্দিষ্ট দলের একক কৃতিত্ব নয়, বরং এটি এ দেশের আপামর জনসাধারণের বিজয়। বর্তমান সরকার জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও সতর্ক করে বলেন, বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ বা উগ্রবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। গণতন্ত্রকামী জনগণকে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট তথ্যচিত্র প্রদর্শন এবং একটি বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এ সময় জুলাই আন্দোলনের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এমপি এবং সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























