ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী ড্যানিউবের পানি অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া বেশ কিছু জার্মান যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ দৃশ্যমান হয়েছে। সার্বিয়া ও রোমানিয়া সীমান্তবর্তী নদীপথের বিভিন্ন অংশে এসব জাহাজের পাশাপাশি অবিস্ফোরিত বোমা ও সামরিক মোটরসাইকেলের মতো যুদ্ধের নানা স্মৃতিচিহ্ন পাওয়া যাচ্ছে।
ইতিহাসবিদদের মতে, ১৯৪৪ সালের সেপ্টেম্বর মাসে সোভিয়েত বাহিনীর অগ্রযাত্রা রুখতে নাৎসি জার্মানির ‘ব্ল্যাক সি ফ্লিট’ প্রায় ২০০টি যুদ্ধজাহাজ পরিকল্পিতভাবে ড্যানিউবে ডুবিয়ে দিয়েছিল। দীর্ঘ কয়েক দশক পানির নিচে থাকার পর বর্তমানে তীব্র খরা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীর পানি রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় এসব ঐতিহাসিক ধ্বংসাবশেষ আবার সামনে এল।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভেসে ওঠা এই জাহাজগুলোর ভেতরে এখনো প্রচুর পরিমাণে বিস্ফোরক ও গোলাবারুদ থাকার আশঙ্কা রয়েছে, যা নৌযান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। শুধু জাহাজ নয়, হাঙ্গেরির বুদাপেস্টের কাছে নদীর তলদেশ থেকে একটি সামরিক মোটরসাইকেল এবং স্লোভাকিয়ায় ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের ফেলা ৭০০ কেজি ওজনের একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বোমাটি পরবর্তীতে বিশেষ সতর্কতায় নিরাপদ স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে পুলিশ।
রিপোর্টারের নাম 

























