অভিবাসন নীতি কঠোর করার অংশ হিসেবে ২০২৬ সালের প্রথম ছয় মাসে রেকর্ড সংখ্যক ভারতীয় নাগরিককে বহিষ্কার করেছে কানাডা সরকার। কানাডা বান্তর বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ৩ হাজার ৩২৩ জন ভারতীয়কে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে বছর শেষে বহিষ্কারের সংখ্যা গত ছয় বছরের সমস্ত রেকর্ড ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ২০২৫ সালে ৩ হাজার ৭৭৯ জন ভারতীয়কে বহিষ্কার করা হয়েছিল, যা ছিল তৎকালীন সর্বোচ্চ। কিন্তু ২০২৬ সালের মাত্র ছয় মাসেই সেই সংখ্যার প্রায় ৮৮ শতাংশ পূর্ণ হয়েছে। বর্তমানে কানাডা থেকে বহিষ্কৃতদের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ভারত, যার পরেই রয়েছে মেক্সিকোর অবস্থান। মূলত ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান, শরণার্থী আবেদনের প্রত্যাখ্যান এবং অভিবাসন সংক্রান্ত জালিয়াতির কারণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কানাডা বর্তমানে তাদের দেশে অস্থায়ী বাসিন্দার সংখ্যা কমাতে আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিদেশি কর্মীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। সিবিএসএ-র তথ্যমতে, বর্তমানে আরও ৭ হাজার ৬৬৯ জন ভারতীয় নাগরিক বহিষ্কারের অপেক্ষায় রয়েছেন। দেশভিত্তিক বিস্তারিত কারণ প্রকাশ না করা হলেও অভিবাসন আইন লঙ্ঘনকে এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























