গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ টেপ বল ক্রিকেট (বিসিএল) টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করতে গিয়ে নিজের ব্যবহৃত আইফোনটি হারিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন। শুক্রবার বিকেলে উপজেলার পূর্বচন্দ্রা স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে এই ঘটনা ঘটে।
আয়োজন সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের সমাপনী এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমান। হেভিওয়েট অতিথিদের আগমনকে কেন্দ্র করে মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠের প্রবেশপথে দর্শকদের প্রচণ্ড চাপের সুযোগে ইউএনওর পকেট থেকে মোবাইল ফোনটি খোয়া যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের জানানো হলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ফোনটি উদ্ধারের চেষ্টা চালান। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, হাজারো মানুষের ভিড়ের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা এই কাজ করেছে। আমরা মাঠের চারপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ফোনটি উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
রিপোর্টারের নাম 

























