ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল সংসদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলের গেস্টরুম নির্যাতনের ভয়াবহ স্মৃতি নিয়ে দুটি বিশেষ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে। ম্যাগাজিন দুটির শিরোনাম হলো— ‘দ্রোহের বারুদ: গণরুম থেকে গণঅভ্যুত্থানের মহাকাব্য’ এবং ‘নিঃশব্দের জবানবন্দি: গণরুম-গেস্টরুমের আখ্যান’।
শনিবার রাতে ডাকসু কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাগাজিন দুটির মোড়ক উন্মোচন করেন ডাকসু ভিপি মো. আবু সাদিক কায়েম। বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসানুল বান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন হলের ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‘দ্রোহের বারুদ’ ম্যাগাজিনটিতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের সাহসী লড়াই, আত্মত্যাগ এবং বিজয়ের নানা গল্প, কবিতা ও গবেষণামূলক প্রবন্ধ স্থান পেয়েছে। অন্যদিকে, ‘নিঃশব্দের জবানবন্দি’ ম্যাগাজিনে বিগত ফ্যাসিবাদী শাসনামলে সাধারণ শিক্ষার্থীদের ওপর চালানো গেস্টরুম ও গণরুম নির্যাতনের লোমহর্ষক অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ম্যাগাজিনগুলো ইতিহাসের এক অনন্য দলিল হিসেবে কাজ করবে। বিগত সরকারের দুঃশাসন ও নিপীড়নের চিত্র যেমন এতে ফুটে উঠেছে, তেমনি ছাত্র-জনতার বিপ্লবের গৌরবময় ইতিহাসও সংরক্ষিত হয়েছে। বর্তমান নির্বাচিত সরকারের আমলে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মত প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 

























