চলমান ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে সরকারি নিয়ন্ত্রণ শিথিল করার পাশাপাশি একটি বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো ব্যবসা শুরু করার প্রক্রিয়া সহজ করা এবং খাতভিত্তিক বিশেষ প্রণোদনা প্রদান। আইসিটি ও ডিজিটাল সেবা, বৈদ্যুতিক যানবাহন, নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক ও টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস ও মেডিকেল ডিভাইস সহ বিভিন্ন খাতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও, রপ্তানি বহুমুখী করার লক্ষ্যে ১০টি নতুন রপ্তানি খাতের জন্য বন্ড লাইসেন্স ছাড়াই ব্যাংক গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ তৈরি করা হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের বিডা কনফারেন্স রুমে ‘ইনভেস্টমেন্ট রিলেটেড বাজেট আউটকাম ফর ফিসক্যাল ইয়ার ২০২৭-২৭’ শীর্ষক এক ব্রিফিং সেশনে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
বিডার পক্ষ থেকে জানানো হয়, এবারের বাজেটের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো করনীতিকে ‘বিনিয়োগ-উৎপাদন-কর্মসংস্থান চক্র’ বৃদ্ধির সহায়ক হিসেবে ব্যবহার করা। একটি প্রযুক্তি-ভিত্তিক এবং অনুমানযোগ্য কর ব্যবস্থার মাধ্যমে জিডিপির তুলনায় করের অনুপাত বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজেটে নিয়ন্ত্রণ শিথিলকরণ বা ডিরেগুলেশনকে একটি মূল অগ্রাধিকার হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। উদ্যোক্তা উদ্যোগ, রপ্তানি বহুমুখীকরণ, স্থানীয় মূল্য শৃঙ্খল উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং প্রযুক্তির ব্যবহারকে অগ্রাধিকারমূলক প্রবৃদ্ধির খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নিয়ন্ত্রণ শিথিলকরণের অংশ হিসেবে, সিঙ্গেল-উইন্ডোর মাধ্যমে মাত্র ১৪ দিনে ব্যবসা শুরু করার ব্যবস্থা করা হয়েছে। সার্ভিস লেভেল এগ্রিমেন্ট সময়সীমা পার হলে স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন দেওয়া হবে। বন্ড লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে ৩ বছর করা হয়েছে এবং বন্ড সুবিধা মূল প্রতিষ্ঠান থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত প্রসারিত করা হয়েছে। এছাড়াও, মোটরসাইকেল, স্পিডবোট, হস্তশিল্প সহ ১০টি নতুন রপ্তানি খাতের জন্য বন্ড লাইসেন্স ছাড়াই ব্যাংক গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হয়েছে। শুল্কমুক্ত আমদানিকৃত কাঁচামাল দিয়ে তৈরি পণ্যের ক্ষেত্রে বাধ্যতামূলক সর্বনিম্ন ৩০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজন নিশ্চিত করতে হবে।
রিপোর্টারের নাম 
























