প্রেমিকার বিয়ের দিন সিরাজগঞ্জের কামারখন্দে রাকিব প্রামাণিক (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জটিবাড়ি গ্রামের একটি আম বাগান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। রাকিব ওই গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে।
মৃত্যুর আগে নিজের ফেসবুক পোস্টে রাকিব দাবি করেন যে, তিনি ওই তরুণীকে ভালোবাসতেন এবং তরুণীও তাকে ভালোবাসতো। কিন্তু পরিবার মেয়েটিকে অন্যত্র বিয়ে দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। পোস্টে তিনি আরও লেখেন, মেয়েটিকে না পেলে তিনি বেঁচে থাকবেন না। একই সাথে তিনি তার মৃত্যুর জন্য মেয়েটির বাবা-মাকে দায়ী করেন এবং তাদের পরিচয়ও উল্লেখ করেন।
এর কয়েক ঘণ্টা পর দেওয়া আরেকটি পোস্টে রাকিব তার বাবা-মায়ের কাছে ক্ষমা চান। ওই পোস্টে তিনি লেখেন, কোনো কিছু না জানিয়েই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন এবং সবাইকে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান। পোস্টের শেষে তিনি বিদায় জানান এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 
























