বান্দরবানের থানচি উপজেলায় প্রশাসনের নির্দেশনা অমান্য করার অভিযোগে দুই পর্যটক গাইডকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। উপজেলা প্রশাসনের পৃথক দুটি অফিস আদেশে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ও সরকারি নির্দেশনা কার্যকর রাখতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বহিষ্কৃত দুই পর্যটক গাইডকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটক গাইড সংক্রান্ত সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সালের স্বাক্ষরিত এক অফিস আদেশে পর্যটক গাইড আবুল হোসেনকে (গাইড আইডি নং-২) সাময়িক বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার জারি করা এই আদেশে বলা হয়, প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পর্যটকদের নিয়ে ভ্রমণে যাওয়ার অভিযোগে আবুল হোসেনকে ৬ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সকল গাইডিং কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত থাকতে হবে।
এর আগে জারি করা আরেকটি আদেশে পর্যটক গাইড গার্ডেন ত্রিপুরাকে (গাইড আইডি নং-৩৪) অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে পর্যটকদের নিয়ে নিষিদ্ধ এলাকায় ভ্রমণ এবং এর ফলস্বরূপ এক পর্যটকের নৌকাডুবিতে মৃত্যুর ঘটনায় গার্ডেন ত্রিপুরার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সকল নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 
























