দেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা ও ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) নবনির্বাচিত সভাপতি রুপালী হক চৌধুরী বলেছেন, বাংলাদেশে টেকসই বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হলে আর্থিক খাতের দ্রুত সংস্কার অপরিহার্য। সম্প্রতি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বিনিয়োগের চ্যালেঞ্জ নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
রুপালী হক চৌধুরী বলেন, কোভিড পরবর্তী পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিও বড় ধরনের ধাক্কা খেয়েছিল। বিশেষ করে ডলারের বিপরীতে টাকার অস্বাভাবিক অবমূল্যায়ন এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি আমাদের অভ্যন্তরীণ উৎপাদন ও খরচ বাড়িয়ে দিয়েছিল। বর্তমানে ডলারের দাম কিছুটা স্থিতিশীল হলেও ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত এখনো সেই সংকট কাটিয়ে উঠতে পারেনি।
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে স্থগিত হয়ে থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে তিনি বলেন, অনেক বড় প্রকল্পের কাজ এখন স্থবির হয়ে আছে। যেসব প্রকল্পের কাজ অর্ধেকের বেশি শেষ হয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। কারণ এই প্রকল্পগুলো চালু না হলে বিনিয়োগ করা অর্থের সুফল অর্থনীতিতে আসবে না।
রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান নির্বাচিত সরকারের কাছে বিনিয়োগকারীদের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, ছোট ও মাঝারি উদ্যোক্তারা সব সময় চাপের মধ্যে থাকেন। আমলাতান্ত্রিক জটিলতা নিরসন এবং একটি স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা গেলে দেশি-বিদেশি উভয় ধরনের বিনিয়োগই বৃদ্ধি পাবে।
রিপোর্টারের নাম 

























