তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ কোর্সের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। তার কাছ থেকে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদ উদ্ধার করা হয়।
লস অ্যাঞ্জেলেসের র্যাঞ্চো পালোস ভার্দেসে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্সের কাছে এই ঘটনা ঘটেছিল। ওই স্থানে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি তহবিল সংগ্রহের নৈশভোজে অংশ নেওয়ার কথা ছিল।
তদন্তকারীরা জানিয়েছিলেন, গ্রেপ্তার ব্যক্তির নাম জিনিন জন টায়েলে, যার বয়স ৩৮ বছর।
লস অ্যাঞ্জেলেস শেরিফের কার্যালয় সেসময় জানায়, জন টায়েলেকে গলফ কোর্সের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় তিনি ছবি ও ভিডিও ধারণ করছিলেন এবং নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করছিলেন।
গোপনে আগ্নেয়াস্ত্র বহন এবং নিষিদ্ধ গোলাবারুদ রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
শেরিফ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাদাপোশাকধারী ফেডারেল এজেন্টরা এক সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করার পর পুলিশ ওই ব্যক্তিকে আটক করে।
পুলিশ আরও জানায়, জন টায়েলের বিরুদ্ধে এল সেগুন্ডো পুলিশ বিভাগের একটি ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে খোঁজ চলছিল।
যুক্তরাষ্ট্রের মধ্যে ক্যালিফোর্নিয়ায় অস্ত্র নিয়ন্ত্রণ আইন অন্যতম কঠোর, যেখানে ১০টির বেশি গুলি ধারণক্ষমতার ম্যাগাজিন নিষিদ্ধ।
শেরিফ বিভাগ সেসময় জানিয়েছিল, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনা করে জন টায়েলের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।
তল্লাশিতে তার বাড়ি থেকে একটি এআর-প্ল্যাটফর্ম রাইফেল, একটি পয়েন্ট ৪৫ ক্যালিবার পিস্তল, বডি আর্মার, উচ্চ ধারণক্ষমতার ম্যাগাজিন, পিস্তল ও রাইফেলের বিপুল পরিমাণ গুলি এবং উদ্বেগজনক বক্তব্যসংবলিত একাধিক নোটবই উদ্ধার করা হয়।
এই ঘটনায় তদন্ত চলছে এবং কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের অগ্রগতির ভিত্তিতে জন টায়েলের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে।
রিপোর্টারের নাম 























