হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌবাণিজ্য পুনরায় চালু করার জন্য নিরপেক্ষ বেসামরিক জাহাজে হামলা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের সাবেক কর্মকর্তা ডেভিড ডেস রোশেস এই মন্তব্য করে বলেছেন, যেকোনো বিশ্বাসযোগ্য সমঝোতার অংশ হিসেবে ইরানকে এই প্রতিশ্রুতি দিতে হবে।
আরব উপদ্বীপবিষয়ক পেন্টাগনের সাবেক পরিচালক ডেভিড ডেস রোশেস জোর দিয়ে বলেছেন, ভৌগোলিক অবস্থানের কারণে ইরানের সমুদ্রপথে চলাচলে বিঘ্ন ঘটানোর সক্ষমতা রয়েছে, এবং তারা চাইলে সেই সক্ষমতা ব্যবহারও করতে পারে। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিরপেক্ষ বেসামরিক জাহাজগুলোর নিরাপদ চলাচলের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা।
ডেস রোশেসের মতে, ওমানের সমুদ্রসীমা বা আন্তর্জাতিক সমুদ্রসীমা—কোনো স্থানেই নিরপেক্ষ বেসামরিক জাহাজে হামলা না চালানোর বিষয়ে ইরানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া উচিত। এমন একটি সমঝোতাই স্বাভাবিক বাণিজ্য পুনরায় শুরু হওয়ার জন্য অপরিহার্য।
তিনি আরও বলেন, এটি কেবল সামরিক সমস্যা নয়, বরং বাণিজ্যিক বীমার বিষয়। বীমা খাতকে নিশ্চিত হতে হবে যে ইরান আর বেসামরিক জাহাজে হামলা করবে না। এরপরই স্বাভাবিক বাণিজ্য পুনরায় শুরু হতে পারে, যা ইরানসহ উপসাগরীয় উপকূলবর্তী দেশ এবং তাদের বাণিজ্যিক অংশীদার সবার জন্যই উপকারী হবে।
রিপোর্টারের নাম 























