জেরুজালেমের মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ এবং ডোম অব দ্য রককে ঘিরে নতুন করে উত্তেজনা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। পবিত্র এই স্থানের বর্তমান স্থিতাবস্থা পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা বড় ধরনের ধর্মীয় সংঘাতের জন্ম দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জর্ডান। এই পরিস্থিতিতে আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি জরুরি বৈঠক আহ্বান করেছে দেশটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের গত মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির আয়োজনে এই বৈঠক বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে আরব লীগের সদস্য দেশগুলোর পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন।
জর্ডানের উদ্বেগের প্রধান কারণ হলো, সাম্প্রতিক সময়ে আল-আকসা প্রাঙ্গণে ইহুদি ধর্মীয় উগ্রপন্থীদের ধারাবাহিক প্রবেশ এবং সেখানে ধর্মীয় আচার পালনের ঘটনা। উল্লেখ্য, জর্ডানের হাশেমি রাজপরিবারের তত্ত্বাবধানে থাকা আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বর্তমানে শুধুমাত্র মুসলিমদের নামাজ আদায়ের অনুমতি রয়েছে।
গত ২৩ জুলাই ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে প্রায় ২ হাজার ধর্মীয় ডানপন্থি ইসরায়েলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন, যাদের অধিকাংশই ছিলেন অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী। ইহুদিদের কাছে ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত এই স্থানে তারা প্রবেশ করে প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন। জর্ডানের কর্মকর্তারা এই ঘটনাকে আধুনিক ইতিহাসে ওই স্থানের স্থিতাবস্থার সবচেয়ে গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।
এছাড়াও, ‘টেম্পল মাউন্ট’ এলাকায় বিশেষ পুলিশ ইউনিট গঠনের ইসরায়েলি উদ্যোগ নিয়েও জর্ডান উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির আশঙ্কা, আগামী সেপ্টেম্বরে ইহুদি ধর্মীয় উৎসবের সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।
গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, “এটি একটি নিরন্তর বিপজ্জনক হুমকি, যা আমরা আমাদের হাতে থাকা সম্ভাব্য প্রতিটি উপায়ে মোকাবিলার চেষ্টা করছি। আমরা সতর্ক করছি, স্থিতাবস্থায় হস্তক্ষেপ একটি ধর্মীয় সংঘাতের জন্ম দিতে পারে, যা ফিলিস্তিন ও জর্ডান ছাড়িয়ে সমগ্র মুসলিম বিশ্বে প্রতিধ্বনিত হবে।”
আল-আকসা প্রাঙ্গণের তত্ত্বাবধানে জর্ডানের ভূমিকা দীর্ঘদিনের। অটোমান আমল থেকে এই দায়িত্বের সূত্রপাত হলেও, ১৯৬৭ সালের যুদ্ধের পর এবং ১৯৯৪ সালের ইসরায়েল-জর্ডান শান্তিচুক্তিতে জর্ডানের এই ভূমিকা পুনর্বহাল হয়।
রিপোর্টারের নাম 























