এশিয়ার বিভিন্ন দেশে তীব্র তাপপ্রবাহ জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। রেকর্ড তাপমাত্রায় জাপান ও দক্ষিণ কোরিয়া যখন পুড়ছে, ঠিক তখনই টোকিওর একটি চিড়িয়াখানায় এক সপ্তাহের ব্যবধানে তিনটি সিংহের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গরমে সৃষ্ট শারীরিক চাপ বা ‘হিট স্ট্রেস’কেই তাদের মৃত্যুর কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে।
টোকিওর বৃহত্তর মহানগর এলাকার হিনো শহরে অবস্থিত তামা জুলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ জুলাই মাসের শেষ দিকে সিংহের প্রদর্শনী বন্ধ করে দেয়। কারণ, কয়েকটি সিংহের মধ্যে ক্ষুধামান্দ্য ও অবসাদের মতো শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাইয়ের শুরুতে শুরু হওয়া তাপপ্রবাহের সঙ্গে সিংহগুলোর অসুস্থ হয়ে পড়ার সময়ের মিল রয়েছে। একই সময়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে প্রভাব ফেলছে এমন একটি ‘সুপার এল নিনো’ আবহাওয়া পরিস্থিতিও শক্তিশালী হচ্ছিল।
অসুস্থ সিংহগুলোকে ঠান্ডা রাখতে পানি ছিটানো এবং শিল্পকারখানায় ব্যবহৃত বড় ফ্যান দিয়ে বাতাস দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তাদের শিরায় তরল ওষুধও দেওয়া হয় এবং প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হয়। সব মিলিয়ে ১০টি সিংহকে চিকিৎসা দেওয়া হলেও ২৮ জুলাই তিন বছর বয়সী মাদি সিংহ মুগি মারা যায়। তিন দিন পর মারা যায় ১১ বছর বয়সী মাদি সিংহ ইচিগো। এরপর গত রোববার ১৫ বছর বয়সী মাদি সিংহ লুয়েনার মৃত্যু হয়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর আনুষ্ঠানিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে তিনটি সিংহের শরীরেই পানিশূন্যতা ও একাধিক অঙ্গের কার্যকারিতা বন্ধ হওয়ার লক্ষণ দেখা গেছে, যা অতিরিক্ত গরম তাদের মৃত্যুর পেছনে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। তামা জুলজিক্যাল পার্কের আরও চারটি সিংহ সুস্থ হয়ে উঠছে, তবে তিনটি এখনও অসুস্থ এবং তাদের চিকিৎসা চলছে।
জাপানে এবার দীর্ঘ ও তীব্র তাপপ্রবাহ দেখা গেছে। জুলাই মাসের শেষ দিকে দেশটির কিছু এলাকায় টানা পাঁচ দিন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি ছিল, যা দেশটির ইতিহাসে এমন তাপমাত্রার দীর্ঘতম ঘটনা। দেশটির বিস্তীর্ণ এলাকায় বারবার হিটস্ট্রোকের সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি এতটাই তীব্র যে, জাপানের আবহাওয়া সংস্থা চলতি গ্রীষ্মে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানো দিনের জন্য নতুন একটি শব্দ চালু করেছে, যার অর্থ মোটামুটি ‘নিষ্ঠুরভাবে গরম দিন’।
রিপোর্টারের নাম 























