মোড়কে ঘোষিত ওজনের চেয়ে কম ওজনের বিস্কুট বাজারজাত করা এবং একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করার অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার ঢাকা মহানগরের তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে এবং জরিমানা আরোপ করে। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্ট ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ধারা ২৪(৪১) অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এই অর্থদণ্ড প্রদান করে।
বিএসটিআই সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের মোড়কে উল্লেখিত ওজন নিবন্ধন সনদ অনুযায়ী যাচাই করা হয়। এতে দেখা যায়, পণ্যের প্রকৃত ওজন মোড়কে ঘোষিত ওজনের তুলনায় কম। অধিকন্তু, একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন ওজন উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করার পাশাপাশি প্রচলিত আইনেরও লঙ্ঘন।
ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার নির্দেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের অধিকার সংরক্ষণ, সঠিক ওজন নিশ্চিতকরণ এবং বাজারে ন্যায্য বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে সংস্থাটির মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 



















