নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় তিন সন্তানের জননী এক গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে আজব আলী (৩২) নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদী সাজেদ মিয়া উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বানিয়াজোড়া গ্রামের বাসিন্দা। তিনি গত ৬ জুলাই নেত্রকোনার আদালতে এই অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আজব আলী উপজেলার বড়কাশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা। তার পূর্বের সংসারে স্ত্রী-সন্তান রয়েছে বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, প্রায় ১৩ বছর আগে সাজেদ মিয়ার সঙ্গে রাবিয়া আক্তারের বিয়ে হয় এবং তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলেসহ তিন সন্তান রয়েছে। অভিযোগকারিদের ভাষ্যমতে, বাবার বাড়ি মধুপুর গ্রামে বেড়াতে গেলে প্রতিবেশী আজব আলী দীর্ঘদিন ধরে রাবিয়া আক্তারকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে সাড়া না দেওয়ায় গত ৪ জুলাই দিবাগত রাতে পাটশলার বেড়া কেটে আজব আলী ঘরে প্রবেশ করে রাবিয়াকে জোরপূর্বক তুলে নিয়ে যান। বাধা দেওয়ার সময় রাবিয়ার বাবা বকুল মিয়াকে ছুরি ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে যে, ঘটনার পর থেকে রাবিয়াকে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করা হচ্ছে। অভিযোগটি আমলে নিয়ে আদালত মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা রেকর্ড, আসামিকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তবে, অভিযুক্ত আজব আলী অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, রাবিয়াকে জোর করে নিয়ে যাওয়া হয়নি, বরং তিনি স্বেচ্ছায় তার সঙ্গে এসেছেন। তিনি আরও বলেন, এর আগেও দুইবার রাবিয়া তার সঙ্গে চলে এসেছিলেন, পরে পরিবারের সদস্যরা বুঝিয়ে নিয়ে যান। এবার তারা বিয়ে করেছেন। রাবিয়া আক্তারও একই দাবি করে বলেন, “আমি স্বেচ্ছায় আজব আলীর সঙ্গে চলে এসেছি। আমরা বিয়ে করেছি। অনেকেই আমাকে ফিরে যেতে বলেছেন, কিন্তু আমি আর ফিরে যাব না।”
এদিকে, আজব আলীর দলীয় পরিচয় নিশ্চিত করে বড়কাশিয়া ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি হবি মিয়া জানান, ঘটনাটি জানাজানির পর এলাকার ৫০-৬০ জন বাসিন্দা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত আবেদন করেছেন।
রিপোর্টারের নাম 























