যুক্তরাষ্ট্রের সিয়াটল সেন্টারে অনুষ্ঠিত ‘বাইট অব সিয়াটল’ খাদ্য ও সংগীত উৎসবে এক বন্দুক হামলায় দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে হারবারভিউ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম কোমো নিউজ জানিয়েছে, ঘটনার সময় সিয়াটল সেন্টারে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ উৎসব চলছিল। সিয়াটল পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে জানিয়েছে, তারা একাধিক হতাহতের ঘটনায় তদন্ত শুরু করেছে এবং জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
পুলিশ তাৎক্ষণিকভাবে আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এছাড়া, এ ঘটনায় কোনো সন্দেহভাজনকে আটক করা হয়েছে কিনা তাও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে পুলিশকে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে দেখা গেছে, তবে ওই ব্যক্তি হামলার সাথে জড়িত কিনা তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
সিয়াটল শহরের বিখ্যাত স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে অবস্থিত সিয়াটল সেন্টার ১৯৬২ সালের ওয়ার্ল্ডস ফেয়ার উপলক্ষে নির্মিত হয়েছিল। এই স্থানে সপ্তাহব্যাপী ‘বাইট অব সিয়াটল’ উৎসব অনুষ্ঠিত হচ্ছিল, যেখানে শত শত স্থানীয় খাদ্য বিক্রেতা ও সংগীতশিল্পী অংশ নিয়েছিলেন। পুলিশ ঘটনার কারণ এবং হামলাকারীর পরিচয় জানতে তদন্ত অব্যাহত রেখেছে।
রিপোর্টারের নাম 





















