ইসরাইলের বসতি স্থাপনকারী সংগঠন ও রাজনৈতিক নেতাদের মধ্যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চরম প্রতিশোধস্পৃহার প্রকাশ ঘটেছে। তারা প্রকাশ্যেই ‘আমরা রক্তপ্রবাহ দেখতে চাই’, ‘তাল গ্রামকে নিশ্চিহ্ন করো’র মতো বিদ্বেষপূর্ণ স্লোগান দিচ্ছে। শুক্রবার ইসরাইলের অর্থমন্ত্রী বেৎজালেল স্মোটরিচ পশ্চিম তীরের তাল, ইরাক বুরিন ও বাইত ফুরিক গ্রাম নিশ্চিহ্ন করার আহ্বান জানান। তিনি বলেন, এই গ্রামের অধিবাসীদের নাবলুস ও তুলকারামের শরণার্থী শিবিরের বাসিন্দাদের মতো পরিণতি হওয়া উচিত এবং তাদের স্থান খালি করে দেওয়া উচিত। তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই অঞ্চলের দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাত থেকে ইসরাইলের হাতে নেওয়ার আহ্বান জানান।
ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির আরও উগ্র মন্তব্য করেন। তিনি বলেন, ‘যত ইহুদি নিহত হয়েছে, তার বদলায় শত্রুদের ভূমি ও ঘরছাড়া করতে হবে।’ গাজায় যেভাবে পুরো বসতি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, পশ্চিম তীরেও একই কৌশল বাস্তবায়নের দাবি জানান তিনি। এই আহ্বানটি এসেছে পশ্চিম তীরের তাল গ্রামে ইসরাইলি সেনা সহায়তায় অবৈধ বসতি স্থাপনকারীদের হামলার মধ্যেই। শুক্রবারের হামলায় ইসরাইলিদের গুলিতে গ্রামের চার বাসিন্দা নিহত হন। ইসরাইলি সামরিক বাহিনীর ভাষ্যমতে, একজন ফিলিস্তিনি ইসরাইলিদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে হামলা করতে চেয়েছিল, কিন্তু পরে তাকে গুলি করে হত্যা করা হয়।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরাইলি হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২১ জন বসতি স্থাপনকারীদের হাতে প্রাণ হারিয়েছেন। বেৎজালেল স্মোটরিচের দল রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির সদস্য জভি সুককতও তাল গ্রামকে ধ্বংসস্তূপে পরিণত করার প্রয়োজনীয়তার কথা বলেন। সশস্ত্র ইসরাইলি বসতি স্থাপনকারী দল হিলটপ ইয়ুথের পক্ষ থেকেও একই ধরনের উস্কানিমূলক বার্তা দেওয়া হয়েছে। তাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে ‘তাল গ্রাম নিশ্চিহ্ন করো’ বার্তা দেখা গেছে, যেখানে তারা প্রতিশোধের দাবি জানিয়েছে এবং কোনো বসতি স্থাপন বা বাড়ি তৈরির প্রতিশ্রুতি চায় না।
রিপোর্টারের নাম 



















