বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, জাপান বাংলাদেশের এক অকৃত্রিম ও বিশ্বস্ত বন্ধু। বাংলাদেশের কঠিন সময়ে জাপান সবসময় পাশে দাঁড়িয়েছে। পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে উভয় দেশ একসঙ্গে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে জাপানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়নে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। নারীদের জন্য মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করার মাধ্যমে তিনি নারীশিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেন।
তাঁর পদাঙ্ক অনুসরণ করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছেন। নারীশিক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকার কাজ করছে।
রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে অনুষ্ঠিত ‘জাপান-বাংলাদেশ বিজনেস উইমেন কনফারেন্স’-এ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)-এর প্রধান প্রতিনিধি এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দসহ ব্যবসায়ী ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
রিপোর্টারের নাম 

























