চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এই সময়ে দেশে মোট ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের রেমিট্যান্স এসেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৮ হাজার ২৮৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই রেমিট্যান্সের একটি বড় অংশ এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসের প্রথম ২৫ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ১৬৫ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া, বিদেশি ব্যাংকগুলোর শাখা থেকে এসেছে ৩৬ লাখ ২০ হাজার ডলার।
দেশের বিভিন্ন ব্যাংকগুলোর মধ্যে, জুলাই মাসের প্রথম ২৫ দিনে ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি রেমিট্যান্স সংগ্রহ করেছে, যার পরিমাণ ৩৫ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলার। এরপরেই রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, যার মাধ্যমে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। তৃতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংক সংগ্রহ করেছে ২২ কোটি ৬০ লাখ ৯০ হাজার ডলার। অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৯৩ লাখ ১০ হাজার ডলার।
রিপোর্টারের নাম 



















