মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে ২৪ জেলেকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত এদের মধ্যে ১০ জনকে ১৬ দিন এবং ১৪ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া, ২০ হাজার মিটার জাল জব্দ করা হয় এবং ২০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।
শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযান পরিচালিত হয়। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত মাছ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে গোপনে পদ্মা নদীতে মাছ শিকার করছিলেন। মাছ ধরা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস, প্রশাসন ও নৌপুলিশের যৌথ টিম।
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাত ১২টা পর্যন্ত আমরা ২৪ জেলেকে আটক করি।”
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান জানান, “নিয়মিতভাবে নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। কিছু অসাধু জেলে এখনও গোপনে মাছ শিকার করছে। আমরা তাদের আটক করছি, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করছি এবং জরিমানাও আদায় করছি। অভিযান অব্যাহত থাকবে এবং শিগগিরই বড় পরিসরে অস্থায়ী ইলিশের হাট গুঁড়িয়ে দিতে অভিযান চালানো হবে।”
রিপোর্টারের নাম 
























