নব্বইয়ের দশক থেকে দেশব্যাপী শিকড়ের সন্ধানে স্টুডিওর বাইরে গিয়ে অনুষ্ঠান ধারণের ঐতিহ্য বজায় রেখেছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। বাংলাদেশের লোকজ ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, পুরাকীর্তি, পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের বৈচিত্র্যময় গৌরবগাথা দর্শকের সামনে তুলে ধরাই এর মূল লক্ষ্য। সেই ধারাবাহিকতায় এবারের পর্বের জন্য বেছে নেওয়া হয়েছে নদীঘেরা উপকূলীয় জনপদ লক্ষ্মীপুর জেলাকে।
এ জেলার ইতিহাস ও সৌন্দর্যকে উপজীব্য করে লক্ষ্মীপুর জেলা সদরে অবস্থিত শতবর্ষ প্রাচীন দালাল বাজার জমিদার বাড়ির স্মৃতিবহনকারী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে নির্মিত হয়েছিল নান্দনিক মঞ্চ। ইত্যাদির ধারণকে ঘিরে পুরো লক্ষ্মীপুর জুড়েই ছিল এক উৎসবের আমেজ। দুপুরের পর থেকেই অনুষ্ঠানস্থলের দিকে আসতে শুরু করেন দর্শকরা। ধারণক্ষমতার চেয়ে বহুগুণ বেশি দর্শকের উপস্থিতিতে চারপাশের পরিবেশ ছিল অভাবনীয়; শত শত প্রাণবন্ত মানুষ আশপাশের বহুতল ভবনের ছাদ, প্রাচীর, রাস্তা আর গাছের ডালে স্থান করে নেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ভ্যাপসা গরমের অস্বস্তিও দমাতে পারেনি দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস।
এবারের অনুষ্ঠানে থাকছে দুটি বিশেষ গান। একটিতে কণ্ঠ দিয়েছেন লক্ষ্মীপুরের কণ্ঠশিল্পী তানজিনা রুমা এবং ফেনীর সাজিয়া সুলতানা পুতুল। গীতিকার কবির বকুলের কথায় দরদি সুরে গানটি সৃষ্টি করেছেন আকাশ মাহমুদ। এছাড়াও, প্রতিবারের মতো এবারও থাকছে জেলা পরিচিতিমূলক নৃত্যগীত।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী ও লক্ষ্মীপুরের গর্ব নিশাত মজুমদারের একটি বিশেষ সাক্ষাৎকার। এভারেস্ট জয়ের সেই ঐতিহাসিক অভিযাত্রায় নিশাত মজুমদার ও আরেক এভারেস্ট বিজয়ী এম এ মুহিতের হাতে শোভা পাচ্ছিল ‘ইত্যাদি’ লেখা একটি বিশেষ প্ল্যাকার্ড। তিনি পর্বতারোহণ ও ‘ইত্যাদি’ নিয়ে তার অনুভূতির কথা তুলে ধরেছেন।
প্রতিবারের মতো এবারের পর্বেও রয়েছে কয়েকটি অনবদ্য প্রতিবেদন। লক্ষ্মীপুরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য বিস্তৃত মাঠজুড়ে সয়াবিনের সমারোহ, নারিকেল ও সুপারি গাছের সারি। এসবের চিত্র তুলে ধরার পাশাপাশি অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনার ওপর রয়েছে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। শিক্ষা ও উদ্দীপনার অনন্য এক উদাহরণ হিসেবে লক্ষ্মীপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের উপরও রয়েছে একটি উদ্দীপনামূলক প্রতিবেদন।
রিপোর্টারের নাম 



















