নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় খালের ওপর অবৈধ স্থাপনা নির্মাণের ফলে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত ছয় দিনের টানা ভারী বর্ষণে পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত ৫০ হাজার মানুষ। বিশেষ করে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, মার্টিন খালের ওপর অপরিকল্পিতভাবে দোকান ও মার্কেট নির্মাণ করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি নামতে না পেরে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে রান্নাবান্না বন্ধ হয়ে যাওয়ায় চরম খাদ্য সংকটে পড়েছেন অনেক পরিবার। ছোট ছোট সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। আমনের বীজতলা ও মাছের ঘের তলিয়ে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। কৃষকদের আশঙ্কা, দ্রুত পানি না নামলে চলতি মৌসুমের চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হবে। স্থানীয়দের দাবি, দ্রুত খাল সংস্কার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে এই সংকট আরও ভয়াবহ রূপ নেবে।
রিপোর্টারের নাম 

























