জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রেখে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই শহীদদের রক্তের ঋণ পরিশোধের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং একটি সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ২০২৪-এর গণঅভ্যুত্থান বিষয়ক একটি অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজের উদ্বোধন করা হয়। গোলাম পরওয়ার তার বক্তব্যে জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে আহত ও পঙ্গুত্ববরণকারীদের দ্রুত পুনর্বাসন এবং শহীদ পরিবারগুলোর রাষ্ট্রীয় মর্যাদা ও সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের শিশু শহীদ জাবের ইব্রাহিমের মা এবং বিরোধীদলীয় সংসদ সদস্য রোকেয়া বেগম। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে শুরু হয় এবং পরে চব্বিশের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত বিশেষ তথ্যচিত্র প্রদর্শিত হয়।
রিপোর্টারের নাম 





















