লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বাংলাদেশে এখন আর কোনো দাস-দাসীর রাজত্ব নেই। তিনি বলেন, ভারত যদি কখনো বাংলাদেশের কোনো অংশ দখলের দুঃসাহস দেখায়, তবে এ দেশের মানুষও বসে থাকবে না।
শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্তে পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অলি আহমদ জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের কথা স্মরণ করে বলেন, আবু সাঈদের আত্মত্যাগ পুরো জাতিকে দিক-নির্দেশনা দিয়েছে যে, প্রয়োজনে প্রাণ দেওয়া যাবে কিন্তু কারো তাঁবেদারি মেনে নেওয়া হবে না।
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে অলি আহমদ প্রশ্ন তোলেন, যদি দুই দেশের মধ্যে এতই প্রীতি থাকে তবে সীমান্তে কেন কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে এবং কেন নিয়মিত পুশইন করা হচ্ছে? তিনি ফারাক্কা ও তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা না পাওয়ার বিষয়টিও জোরালোভাবে তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি বা সমরাস্ত্র কেনা দেশের সার্বভৌমত্বের অংশ এবং এতে অন্য কোনো দেশের বিচলিত হওয়া অনভিপ্রেত।
সমাবেশে তিনি আরও বলেন, যারা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে দাসের মতো আচরণ করত, তারা এখন দিল্লিতে আশ্রয় নিয়েছে। ভবিষ্যতে এ দেশে আর কখনো তাদের শাসন ফিরে আসবে না। ভারতের সাথে সুসম্পর্ক চাইলে সীমান্তে হত্যা বন্ধ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ নিশ্চিত করার আহ্বান জানান এই প্রবীণ রাজনীতিবিদ।
রিপোর্টারের নাম 





















