চট্টগ্রামের পটিয়ায় টানা বৃষ্টিতে বসতঘরের ছাদ দিয়ে পানি পড়ে চরম দুর্ভোগে পড়া এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন পটিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম। তিনি ব্যক্তিগত উদ্যোগে ওই বৃদ্ধাকে ঘর মেরামতের জন্য ঢেউটিন প্রদান করেছেন।
শুক্রবার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকার বাসিন্দা নুর নাহার বেগমের বাড়িতে গিয়ে তিনি ২০টি টিন প্রদান করেন। জানা যায়, দীর্ঘদিন ধরে ব্যবহারের কারণে নুর নাহার বেগমের বসতঘরের টিনের ছাদ নষ্ট হয়ে যায়। সাম্প্রতিক টানা বর্ষণে ছাদ দিয়ে পানি পড়ে ঘরের ভেতর বসবাস প্রায় অসম্ভব হয়ে ওঠে। একমাত্র সম্বল স্বামীর রেখে যাওয়া বাড়িটি রক্ষা করতে গিয়ে তিনি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত নুর নাহার বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, টানা বৃষ্টিতে ঘর ভিজে গেলেও কেউ তার খোঁজ নেয়নি। কোনো স্থায়ী আয়ের উৎস না থাকায় নিজের পক্ষে ঘর মেরামত করা সম্ভব ছিল না। দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য তিনি বিএনপি নেতা তৌহিদুল আলমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় তৌহিদুল আলম বলেন, স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন তিনি। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে নিজের ব্যক্তিগত উদ্যোগে প্রথম ধাপে ২০টি টিন প্রদান করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বাস দেন। সমাজের অসচ্ছল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসা উচিত।
রিপোর্টারের নাম 




















