ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন তার ছেলে ও বর্তমান শীর্ষ নেতা মোজতবা খামেনি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি জানান, তার বাবা এবং যুদ্ধে প্রাণ হারানো সকল শহীদের রক্তের বদলা নেওয়া হবে। এই প্রতিশোধ গ্রহণ করা ইরানের জন্য অনিবার্য এবং এটি কোনো বিশেষ ব্যক্তির ওপর নির্ভর করে না বলে তিনি উল্লেখ করেন।
মোজতবা খামেনি তার বার্তায় বলেন, আমরা থাকি বা না থাকি, খুনিদের উপযুক্ত শাস্তি পেতেই হবে। বাবার দাফন সম্পন্ন হওয়ার পর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদসহ বিভিন্ন শহরে জানাজায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে যে তারা তাদের নেতাদের আদর্শের প্রতি কতটা অনুগত।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে ইরানের মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজার মাজার প্রাঙ্গণে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হয়। রাষ্ট্রীয় জানাজায় হাজার হাজার শোকাতুর মানুষ অংশ নিয়ে তাদের নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
রিপোর্টারের নাম 
























