সিলেটের পুণ্যভূমি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে এবার মাত্র ১৮ দিনের ব্যবধানে ৪৭ লাখ ১০ হাজার ২৫৩ টাকা পাওয়া গেছে। শনিবার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং মাজার ব্যবস্থাপনা কমিটির উপস্থিতিতে প্রকাশ্যে এই অর্থ গণনা করা হয়। নগদ টাকার পাশাপাশি দানবাক্সে জমা পড়েছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং সোনা-রুপার অলঙ্কার।
মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৮ দিনে নগদ অর্থের পাশাপাশি ভক্তদের পক্ষ থেকে একটি গরু ও ৬৫টি ছাগল দান করা হয়েছে। এর মধ্যে নজরানা হিসেবে পাওয়া গরুটি এবং ৪০টি ছাগল রান্না করে তবারক হিসেবে বিতরণ করা হয়েছে। বাকি ২৫টি ছাগল বিক্রি করে পাওয়া ২ লাখ ২৫ হাজার ৪৫০ টাকা মাজারের তহবিলে জমা দেওয়া হয়েছে। এছাড়া দানবাক্সে সৌদি রিয়াল, মার্কিন ডলার, ইউরো, রুপি ও দিনারসহ বিভিন্ন দেশের মুদ্রা এবং প্রায় ৯ গ্রাম সোনা ও ৩৯ গ্রামের বেশি রুপা পাওয়া গেছে।
টাকা গণনার সময় এবারও বিপুল পরিমাণ চিরকুট পাওয়া গেছে, যেখানে ভক্তরা তাদের মনের আকুতি, ব্যক্তিগত সমস্যা, চাকরির প্রত্যাশা এবং নানা আবেগঘন কথা লিখে জানিয়েছেন। এর আগে গত ২২ জুন মাজারের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্স খোলা হয়েছিল। তখন ১৮ দিনের ব্যবধানে ১৭ লাখ ৬৫ হাজার টাকা পাওয়া গিয়েছিল। এবার সেই অঙ্ক আগের রেকর্ড ছাড়িয়ে গেছে।
রিপোর্টারের নাম 

























