দেশের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। কুষ্টিয়া ডায়াবেটিস সমিতি দেশব্যাপী ‘নিলুফার খানম এ্যানী ফ্রি মোবাইল হার্ট এন্ড হেলথ হাসপাতাল’ চালু করতে যাচ্ছে। এই মহতী উদ্যোগের সার্বিক পরিচালনায় থাকবে নিলুফার খানম এ্যানী ফাউন্ডেশন এবং এতে যুক্ত হয়েছে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি।
সম্প্রতি ঢাকার মিরপুরস্থ বিআইএইচএস হাসপাতাল ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির কাছে এই মোবাইল স্বাস্থ্যসেবা বাসটি হস্তান্তর করে। কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির সভাপতি মতিউর রহমান লালটুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী তৈমুর আলম খন্দকার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাসুদ রানা, বিএনপি নেত্রী সালিমা তালুকদার আরনি, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক ডা. ফজলুর রহমান, এশিয়ান কম্পিউটিং কাউন্সিলের চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি এবং জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। এছাড়াও ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুন নাহার ফাতেমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুল খালেক, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ফায়েকুজামান ও এয়ার কমান্ডার (অব.) মঈন। প্রয়াত নিলুফা খানম এ্যানীর দুই সন্তান লায়লা জাহান ও তানভীর রহমান এবং পুত্রবধূ নাঈমা তানভীর রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এ. কে. আজাদ খান এই উদ্যোগকে দেশের স্বাস্থ্যসেবায় ‘পথিকৃৎ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘পৃথিবীর স্বাস্থ্যসেবা যে লাইনে যাচ্ছে, সেই হিসেবে এটা পথিকৃৎ হয়ে থাকবে।’ মতিউর রহমান লালটু বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 
























