আজ ১১ জুলাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইতিহাসে এক বিশেষ দিন হিসেবে পালিত হয় ‘প্রতিরোধ দিবস’। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার পর যে প্রতিরোধ গড়ে উঠেছিল, তা দেশব্যাপী জুলাই গণঅভ্যুত্থানে নতুন মাত্রা যোগ করেছিল। পরবর্তীকালে, ২০২৬ সালের ১১০তম সিন্ডিকেট সভায় দিনটিকে ‘প্রতিরোধ দিবস’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হয়।
সেই দিন, ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে অংশ নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হন। বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে, এতে প্রায় ১৫ থেকে ২৫ জন শিক্ষার্থী আহত হন। এই ঘটনার পরপরই পুরো ক্যাম্পাসে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। বিভিন্ন আবাসিক হল এবং মেস থেকে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেমে আসেন এবং রাত প্রায় ১১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে প্রতিরোধ গড়ে তোলেন।
আন্দোলন সংশ্লিষ্টদের মতে, ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলাকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশের এই হামলা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঘটনার খবর দ্রুত সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি জোরদার হয়। এটি পরবর্তীকালে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি আরও শক্তিশালী করে।
এই ঘটনার এক বছর পূর্তিতে, ২০২৫ সালের ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস—১১ জুলাই’ শীর্ষক স্মরণসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১১ জুলাইকে ‘জুলাই আন্দোলনের প্রথম প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করেন। তিনি সেদিন বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রথম রক্ত ঝরেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। ওই দিনের প্রতিরোধই পরবর্তী সময়ে সারা দেশের আন্দোলনকে আরও বেগবান করেছিল।’ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ঘোষণার প্রায় এক বছর পর, ২০২৬ সালের ২৯ জুন অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই দিনটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।
রিপোর্টারের নাম 




















