ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র বাছাই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত হলেও, সরকারি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার মাধ্যমে তার ক্যারিয়ারে নতুন এক পালক যুক্ত হলো। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক পুনর্গঠিত ১১ সদস্যের ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’তে তাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী মুক্তি। তিনি জানান, চলচ্চিত্রের মাধ্যমে সমাজকে তুলে ধরার যে প্রক্রিয়া, সেখানে যুক্ত হতে পেরে তিনি গর্বিত। সরকারি অনুদান দেশের প্রতিভাবান নির্মাতাদের স্বপ্ন পূরণের বড় একটি মাধ্যম উল্লেখ করে তিনি বলেন, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করবেন। বিশেষ করে তরুণ নির্মাতাদের সৃজনশীল কাজ এবং দেশীয় সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরে এমন গল্প ও চিত্রনাট্য নির্বাচনে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে জানান।
গত ৯ জুলাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি এবং যুগ্মসচিবকে (চলচ্চিত্র) সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মন্ত্রণালয়ের সচিব, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাইফুল ইসলাম এবং চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রিপোর্টারের নাম 

























