বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানিয়েছেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গবেষণা বাজেট ইউজিসির মাধ্যমে পরিচালিত হলেও বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ও একাডেমিক স্বাধীনতা কোনোভাবেই ক্ষুণ্ন হবে না। তিনি আশ্বস্ত করেন যে, গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে।
বৃহস্পতিবার ইউজিসি অডিটোরিয়ামে ২০২৬-২৭ অর্থবছরের গবেষণা বাজেট নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ইউজিসি চেয়ারম্যান। সভায় বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে বাজেট বরাদ্দের নতুন প্রক্রিয়া নিয়ে কিছু প্রশাসনিক উদ্বেগের কথা জানানো হলে চেয়ারম্যান বলেন, ইউজিসি একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করবে যাতে অর্থায়ন ও বাস্তবায়নে কোনো জটিলতা না থাকে।
সভায় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে গবেষণায় বরাদ্দ ছিল ৮৪৯ কোটি টাকা, যা আগামী অর্থবছরে বেড়ে প্রায় ৮৫২ কোটি টাকায় পৌঁছাতে পারে। উচ্চশিক্ষায় গবেষণার মানোন্নয়নে অর্থের কোনো সংকট হবে না বলেও ইউজিসির পক্ষ থেকে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























