চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কৌশলগত বিনিয়োগকারী হিসেবে বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এবিজি লিমিটেডের অন্তর্ভুক্তি নিয়ে আইনি পর্যালোচনা শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান জানিয়েছেন, বসুন্ধরা গ্রুপকে বাছাই করার ক্ষেত্রে কিছু অনিয়ম পরিলক্ষিত হয়েছে, যা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত এক সংলাপে বিএসইসি চেয়ারম্যান এসব তথ্য জানান। তিনি বলেন, সিএসইতে কমোডিটি মার্কেট চালুর ক্ষেত্রে কিছু আইনি জটিলতা তৈরি হয়েছে। ডেরিভেটিভ মার্কেট চালু করা কমিশনের অন্যতম লক্ষ্য হওয়ায় এই সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আইনি পর্যালোচনা শেষে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, ২০২২ সালে সিএসইর ২৫ শতাংশ শেয়ার কিনে নেয় এবিজি লিমিটেড। তবে ডিমিউচুয়ালাইজেশন আইন ও কমোডিটি মার্কেট বিধিমালা অনুযায়ী কৌশলগত বিনিয়োগকারীর শেয়ার ধারণের সীমা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। বিএসইসি চেয়ারম্যান আরও জানান, সিএসই দাবি করেছে তারা অন্য কোনো বিনিয়োগকারী না পেয়েই বসুন্ধরাকে বেছে নিয়েছিল। বর্তমান কমিশন পুরো বিষয়টি স্বচ্ছতার সাথে যাচাই করছে।
রিপোর্টারের নাম 
























